আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে :কাদের

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আবারও আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। গত ১২ বছর দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হলো না, অথচ এই ১৩ বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। তিনি বলেন, যারা পূজামণ্ডপে হামলা করেছে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ব্যাপারে কঠোর অবস্থানে। এদের বিচার হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া          হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীদের রাজনীতি করা আমি দোষের মনে করি না। কিন্তু রাজনীতি দিয়ে ব্যবসা কেন? রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি ঘৃণা করি। রাজনীতিকে ব্যবসায় ব্যবহার করলে রাজনীতি থাকে না, ব্যবসাও থাকে না। ওবায়দুল কাদের বলেন, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মসেতু দিয়ে যানবাহন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী বছর মোট চারটি মেগা প্রকল্প আমরা উপহার দেব।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা হলো উন্নয়নের মূল। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে গতি, তা ধরে রাখা সম্ভব হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনার সময় অনেক সমালোচনা সহ্য করে প্রধানমন্ত্রী পোশাকশিল্প খোলা রাখার পক্ষে ছিলেন। আজকে পোশাকশিল্পের বাজার সর্বকালের রেকর্ড ভাঙতে যাচ্ছে। এসব কিছু তারই দৃষ্টিভঙ্গি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসীম উদ্দিন, ডি-৮ সিসিআই-এর সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ। আলোচনাসভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান।