কানাডার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩৭

নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরী সাইমনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ট্রুডো তার নতুন মন্ত্রিসভায় লিঙ্গ সমতা বজায় রেখে কানাডার আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলোর ওপর গুরুত্ব দিয়েছেন। মন্ত্রিসভার তালিকায় গুরুত্বপূর্ণ পদে যেমন প্রতিরক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র এবং পরিবেশসহ মূল মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন।

মন্ত্রিসভায় যারা আছেন তাদের মধ্যে অন্যতম কয়েক জন হলেন, প্রধানমন্ত্রী ট্রুডো, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহনমন্ত্রী ওমর আলগাবরা, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য সহযোগী মন্ত্রী ক্যারোলিন বেনেট, কৃষি ও কৃষি-খাদ্যমন্ত্রী মারি-ক্লদ, বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে ডেভিড ল্যামেটি প্রমুখ। কানাডার সাধারণ নাগরিকদের প্রত্যাশা, ট্রুডোর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা সর্বাঙ্গীণ অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবে।