সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ আহত অর্ধশতাধিক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩৮

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় যুবদলের পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৩০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

জেলা যুবদলের সভাপতি বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য জেলা বিএনপি অফিসে কর্মীরা সমবেত হয়। এ সময় পুলিশ এসে অফিসের সামনে নির্মিত গেট খুলতে বলে। বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ শটগান দিয়ে গুলি ছোড়ে। নেতাকর্মীরা পালাতে বাধ্য হয়। এ সময় টিটু, সুমনা, রুবেল, স্বপনসহ প্রায় ৫০ জন কর্মী আহত হয়। এর মধ্যে পাঁচ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মতিকে ঢাকা পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিত্সা নিয়ে পালিয়ে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরে উত্তেজনা রয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ নিরাপদ দূরত্বে ছিল। সভার  একপর্যায়ে যুবদল কর্মীরা পুলিশের ওপর হমলা করে। তারা আমাদের  দিকে ঢিল ছুড়তে থাকে। একপর্যায়ে আমরা লাঠিচার্জ করি এবং শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ইটের আঘাতে গুরুতর আহত এসআই সাইফুল ইসলাম এবং সিপাহী বদরুদ্দোজাসহ তিন জনকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।