আইনমন্ত্রী আনিসুল হক এর পিতা অ্যাডভোকেট সিরাজুল হক এর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। যিনি বাচ্চু মিয়া সাহেব নামেও পরিচিত। অ্যাডভোকেট সিরাজুল হক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ছিলেন বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর।
সিরাজুল হক ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কসবা-বুড়িচং নিয়ে গঠিত তত্কালীন কুমিল্লা-৪ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
অ্যাডভোকেট সিরাজুল হক উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০-এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষের অন্যতম প্রধান কৌঁসুলি ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন তিনি। পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন হযরানিমূলক মামলায় বঙ্গবন্ধুর পক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন সিরাজুল হক।
বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তার সন্তান। পিতার মৃত্যুর পর বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করেন তিনি।
তার অপর ছেলের নাম আরিফুল হক রনি এবং একমাত্র কন্যা সায়মা ইসলাম। ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
