করোনা ভাইরাস

ছয় দিন পর তিনশর বেশি শনাক্ত

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:২২

ছয় দিন পর দেশে তিনশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে এক দিনে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও সামান্য বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩০৬ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে সাত জনের। এর আগে সর্বশেষ ২০ অক্টোবর তিনশর বেশি রোগী শনাক্ত হয়েছিল, তারপর গত ছয় দিনে শনাক্ত রোগীর সংখ্যা দুইশ থেকে তিনশর মধ্যেই ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৮৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৯৫১ নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৪৪ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের তিন জন, চট্টগ্রাম বিভাগের এক জন, রাজশাহী বিভাগের এক জন এবং খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন দুই জন।