রূপগঞ্জে নৌকার গণসংযোগে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ আহত ১০

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:৩৫

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. জাহেদ আলীর নৌকা প্রতীকের গণসংযোগের সময় নাওড়া এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ, ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও ৩-৮ ফাঁকা গুলিবর্ষণ করে ত্রাস সৃষ্টি করে।

‘অ্যাকশন অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন, হাত-পা কাইট্টা লা—চোখ খুইলা লা’ এমন স্লোগান দিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ নেতা পচু প্রধান (৪০), ফজলুল হক (৪৫), যুবলীগ নেতা ওয়াসিম প্রধান (৩০), আমির হামজা (৪২), দুলাল (২২), ডাগু মিয়াসহ (২৫) ১০ জন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে পুলিশ সাতটি ককটেল উদ্ধার করেছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো জাহেদ আলী বলেন, দলীয় নেতাকর্মীরা নাওড়া এলাকায় গণসংযোগকালে পূর্বপরিকল্পিতভাবে মিজানুর রহমানের উপস্থিতিতে জসীম উদ্দিন জসুর নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত এ হামলা চালায়। হামলায় বহিরাগত সন্ত্রাসীরাও অংশ নেয়।

তবে মিজানুর রহমান সংঘর্ষের ঘটনাস্থলে তার উপস্থিতি অস্বীকার করে বলেন, হামলার ঘটনায় আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নয়। সুষ্ঠু তদন্ত করলেই সঠিক ঘটনা বেরিয়ে আসবে।