বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করেছে বোম্বে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি নীতিন সাম্বরের বেঞ্চে দুপুরের পর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। আরিয়ান খানের পক্ষে কোর্টে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আরিয়ানের আইনজীবী দেড় ঘণ্টারও বেশি সময় যুক্তি দেন। এরপরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে পালটা জবাব দেওয়ার পর্ব শুরুর আগেই বিচারপতি জানতে চান, কত সময় প্রয়োজন তার। জবাবে আইনজীবী এ এস জি অনিল সিং জানান, কমপক্ষে এক ঘণ্টা প্রয়োজন হবে। এরপরই আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শুনানি মুলতুবি করেন বিচারপতি।
আদালতে আরিয়ানের আইনজীবী গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রশ্ন তুলে বলেন, শুধু মাদক সেবনের জন্য কাউকে এতদিন আটকে রাখা যায় না। গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে কিছু জিনিসের উল্লেখ রয়েছে—যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি। আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই বলেন, যে অপরাধের জন্য সর্বোচ্চ সাজা এক বছর (মাদক সেবন) তার জন্য বিনা জামিনে এতদিন ধরে ওদের আটকে রাখা অনুচিত।
এদিকে হিন্দুস্তান টাইমসের আরেক খবরে বলা হয়েছে, দুই দিনের মধ্যে আরিয়ান খান জামিন না পেলে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতে পারে তাকে। কারণ আগামী শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। আগামী সপ্তাহেই দীপাবলির ছুটি শুরু হচ্ছে হাইকোর্টে। আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর ১৩ ও ১৪ নভেম্বর ফের শনি ও রবিবার। পুনরায় আদালতের কার্যক্রম শুরু হবে ১৫ নভেম্বর সোমবার থেকে। প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরি থেকে গ্রেফতার হন আরিয়ান খান।
