লালন স্মরণে ভাবের আসর

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:৩৫

লালন সাঁইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও গানে গানে লালনসাঁইকে স্মরণ করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই স্মরণানুষ্ঠান। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘সাঁইজির গানে মানবতা’ শিরোনামের আলোচনা, আর দ্বিতীয় ও শেষ পর্বে ছিল সংগীতাসর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লোকসংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোকসংগীত পরিষদের সিনিয়র সহসভাপতি শিল্পী অনিমা মুক্তি গমেজ। মুখ্য আলোচক ছিলেন লোক গবেষক ড.সাইমন যাকারিয়া। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি দীপ্তি রাজবংশী।

আলোচনা পরবর্তী সুরের আসরে সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, সৃজনী তানিয়া, দীপ্তি রাজবংশী, মফিজুর রহমান বিরহী, অনিমা মুক্তি গমেজ, ড. আবুল কালাম আজাদ, অনঙ্গমোহন রাজবংশী, লুত্ফুন নাহার মনিরা, শফিউল আলম প্রমুখ। এলাহি আলামিন গো, ও যার আপন খবর আপনার হয়না, ধন্য ধন্য বলি তারে, মানুষ ছেড়ে ক্ষ্যাপা, চাতক বাঁচে কেমনে, মিলন হবে কতদিনে, বাড়ির পাশে আরশিনগর, গুরু কার্য মাথায় লয়ে, যার খুলেছে মনের তালা, ভবে কেউ কারো নয় দুখের দুঃখী, শুনিলে প্রাণ চমকে উঠে, কেহ জানতে পায় রসের খবর, দেখ দেখ মন রাই ইত্যাদি গানে গানে পুরো মিলনায়তনকে ভাবের সাগরে ডুবিয়ে দেন শিল্পীরা। কথা ও সুরের অপূর্ব সংমিশ্রণে মিলনায়তন জুড়ে মূর্ত হয়ে উঠে লালন সাঁই। আর শ্রোতারাও তন্ময় হয়ে উপভোগ করেন ভাবসাগরের পুরো আয়োজন।