বাংলাদেশকে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই টিকা ১২ বছর ও তদূর্ধ্বদের টিকাদান কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশকে সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে। গতকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো বাংলাদেশ সরকারকে ১২ থেকে ১৭ বছর বয়সি বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ৩৫ লাখ ডোজ টিকা দিতে পেরে আনন্দিত। এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।
