বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং নেদারল্যান্ডের বেসরকারি খাতের উন্নয়ন ব্যাংক এফএমও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অংশীদারত্ব শুরু করেছে। ক্ষুদ্র অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। কোনো আন্তর্জাতিক অর্থায়ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশের কোনো ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানকে সরাসরি ঋণ প্রদানের দৃষ্টান্ত এটিই প্রথম । গতকাল বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। ব্র্যাক তার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে বিনিয়োগের জন্য পাঁচ বছর মেয়াদি ঋণ সুবিধা হিসাবে এ তহবিলটি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন এবং ফার্স্ট সেক্রেটারি বাস ব্লাউ। ব্র্যাকের প্রতিনিধিত্ব করেন নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এ সময় তার সঙ্গে ছিলেন ব্র্যাক চিফ ফিনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, কমিউনিকেশন বিভাগের পরিচালক মৌটুসী কবীর, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের চিফ অপারেটিং অফিসার সাহেদ শামস আজাদ, আরএসএ ক্যাপিটালের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে এফএমও-র পক্ষে ভার্চুয়ালি অংশ নেন চিফ ইনভেস্টমেন্ট অফিসার হুইব-জ্যান ডি রুইজটার, এর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন্স বিভাগের পরিচালক মারনিক্স মন্সফোর্ট, সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট অ্যাডিনা গিলার্দিয়া প্রমুখ ।
