বাংলাদেশ-ভারত ডিজি পর্যায়ের বৈঠক

‘ইয়াবা’ দুই দেশেরই মাথাব্যথার কারণ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:৪০

প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বিভিন্ন রুটের বিষয়ে ভারতকে তথ্য দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে চোরাকারবারিরা যে সমুদ্রপথে এখন মাদক পাচার করছে সে বিষয়ে প্রতিবেশী দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানানো হয়েছে। বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে অনুষ্ঠিত সপ্তম দ্বিপাক্ষিক বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল পৌনে ৩টা পর্যন্ত অনলাইনে ডিজি পর্যায়ের এই বৈঠক হয়। বৈঠকের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল বলেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য অবৈধ মাদকের চোরাচালান ঠেকাতে দুই দেশই ভূমিকা রাখবে। ইয়াবা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের কিছু অঞ্চল দিয়ে যে বাংলাদেশে ইয়াবা পাচার হয় সেটিও ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে অবহিত করা হয়েছে।