আমাদের দেশে কোনো সংস্থা বা সরকারের উন্নয়ন কাজের নামে প্রায়শই দেখা যায় রাস্তার পাশে, পার্কের বা বনভূমির অসহায় গাছগুলো কর্তন করা হয়। গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজার থেকে সড়কঘাট বাজার পর্যন্ত রাস্তার দুপাশে বেড়ে ওঠা তালগাছগুলো পল্লীবিদ্যুতের লাইন সংস্কারের নামে কাটা হয়েছে। একে হত্যা বললে অত্যুক্তি হবে না। গাছগুলো এমনভাবে ওপর থেকে কাটা হয়েছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে। গাছগুলো বাঁচাতে বিকল্প ভাবা যেত। আমাদের দেশে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে এমনিতেই তালগাছ কমে যাচ্ছে। অথচ এই তালগাছগুলো প্রাকৃতিক ঝড-ঝঞ্ঝায় আমাদের সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ করে বজ্রপাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরির্দশনপূর্বক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ,
ভাওয়ালগড়, সদর, গাজীপুর
