ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছে জিম্মি সাধারণ যাত্রীরা। উপজেলার বিভিন্ন সড়কপথ যেমন ফুলবাড়ীয়া থেকে ত্রিশাল, ফুলবাড়ীয়া থেকে শিবগঞ্জ, ফুলবাড়ীয়া থেকে কেশরগঞ্জ, আছিম থেকে পোড়াবাড়ী প্রতিদিন শত শত সিএনজি চলাচল করে। এদের কাছে ভাড়ার কোনো চার্ট নেই। সাধারণ যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। আবার কিছু শ্রমিক পরিবহন নেতার সহযোগিতায় ইচ্ছে হলেই ভাড়া বাড়াচ্ছে। ভাড়াসংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে চালকদের সঙ্গে যাত্রীদের তর্ক-বিতর্ক হতে দেখা যায়। চালকদের দ্বারা যাত্রীদের লাঞ্ছিত হওয়ার ঘটনাও নেহাত কম নয়। ফুলবাড়ীয়া থেকে ত্রিশাল ১৬ কিলোমিটার রাস্তার ভাড়া ৬০ টাকা, ফুলবাড়ীয়া থেকে কেশরগঞ্জ ৭ কিলোমিটার রাস্তার ভাড়া ২৫ টাকা, ফুলবাড়ীয়া থেকে শিবগঞ্জ ৯ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা, আছিম থেকে পোড়াবাড়ী সাড়ে সাত কিলোমিটার ৩০ টাকা ভাড়া, যা অস্বাভাবিক। নেই উপযুক্ত নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রতিকার করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করছি।
মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
