টি-২০ বিশ্বকাপে কতদূর এগোবে বাংলাদেশ? টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন কি পূরণ হবে? এ বিষয়ে টেলিফোন ও ইমেইলে প্রাপ্ত
পাঠকের মতামত আজ প্রকাশিত হলো
বাংলাদেশ দলকে নিয়ে দেশের ক্রিকেটানুরাগীদের প্রত্যাশার পারদ সব সময়ই ঊর্ধ্বগামী। তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে পর পর সিরিজ জয় স্বাভাবিকভাবেই প্রত্যাশাকে ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে অপ্রত্যাশিত হার এবং পরবর্তী সময়ে মূল পর্বের শুরুতেই বাজে ফিল্ডিং ও অপেক্ষাকৃত অপেশাদার অধিনায়কত্বের কারণে ম্যাচ হারে প্রত্যাশার বেলুন অনেকটাই চুপসে গেছে। একই সঙ্গে সমসাময়িক অন্যান্য দলের পারফরম্যান্সের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ দলের সেমিফাইনালে যাওয়া অনেক কঠিন একটা কাজ। এটাকে সম্ভব করতে হলে খেলোয়াড়দের মনোবল বাড়ানোর পাশাপাশি মাঠের খেলায় প্রতিটি বিভাগে সর্বোচ্চ সেরাটা দিতে হবে। এমন পরিস্থিতিতে রাগ, ক্ষোভ ও হতাশা ভুলে কোচ, দলের সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তা এবং সব ভক্তখেলোয়াড়কে পাশে থাকতে হবে।
আবু ফারুক, বনরুপাপাড়া ,সদর, বান্দরবান
আইসিসি কর্তৃক আয়োজিত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টির ছয়টি পর্বের সবকটিতেই খেলেছে বাংলাদেশ। সেখানে অন্যতম সাফল্য বলতে ২০০৭ সালের কথাই শুধুমাত্র বলা যায়। তবে পরের আসরগুলোতে টাইগারদের সঙ্গী হয়েছে শুধুই হতাশা! সবকটি আসরের শুরুতে বাংলাদেশকে কোয়ালিফাই করে যেতে হয়েছে পরের পর্বে। সপ্তম আসরেও ভিন্ন হয়নি লাল-সবুজের ভাগ্য! এবারও বিশ্বকাপের মূল পর্বে যেতে মাহমুদউল্লাহ-সাকিবদের পেরোতে হয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডের বাধা। তবে, এবারের বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ এখনো আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল। এর বড় কারণ হচ্ছে, গত তিনটা সিরিজ জিতেই আমরা বিশ্বকাপে গেছি। তবে, আমাদের উইকেট এবং লো-স্কোরিং ম্যাচ নিয়ে অনেক সমালোচনাও ছিল। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য সব কিছুতেই আত্মবিশ্বাস নিয়ে আসে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপে অনেকদূর যেতে চাই; তবে বাছাইপর্বে স্কটল্যান্ড ও মূলপর্বে শ্রীলঙ্কা ও ইল্যান্ডের বিরুদ্ধে হার অনেকের মতো আমাকেও হতাশ করেছে!
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর
টি-২০ বিশ্বকাপ ক্রিকেট আসরে বাংলাদেশের ক্রিকেটারদের সেমিফাইনালের খেলার স্বপ্ন পূরণ হওয়ার প্রত্যাশা সবার। যদি না তাদের অনুশীলনের কোনোরূপ কমতি থাকে। কেননা সব ধরনের প্রতিযোগিতায় জয়ের প্রধান উত্সই হলো উপযুক্ত অনুশীলন। দেশবাসীও আশা করছেন টাইগারদের সাফল্য। তবে অনুশীলনের যেন কোনোরূপ ঘাটতি না থাকে। তা না হলে বাংলাদেশের স্বপ্ন পূরণ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমরা আশা রাখি ক্রিকেটারদের অদম্য মনোবল এবং উদ্যমেই বাংলাদেশ দল এগিয়ে যাবে।
আলহাজ মো. হাফিজুল ইসলাম চৌ. (হিফজু)
চিনাইর, বি-বাড়িয়া সদর, বি-বাড়িয়া
টি-২০ ক্রিকেট এমন একটি খেলা যা নিয়ে আগাম কিছু বলা যায় না। বিশেষ করে টি-২০ ক্রিকেট দ্রুত গতির খেলা, একটি সঠিক সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আর শারজাহ, দুবাই, আবুধাবি স্টেডিয়ামের মধ্যে তফাত্ আছে।
সালেহা আফরিন বেবী
শিবগঞ্জ, সিলেট
এখনো আশা ফুরিয়ে যায়নি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জয় পেলে আত্মবিশ্বাস বেড়ে যেত, এটা সত্য। তবে, আমার ধারণা পরবর্তী সব ম্যাচ জিতে বাংলাদেশ ঠিকই সেমিফাইনালে যাবে। দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন বাংলাদেশ দলকে সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে নেবে—এই কামনাই রইল।
মো. ফখরুল ইসলাম টিপু
সেনবাগ, নোয়াখালী
চলছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলা। বাংলাদেশ কতদূর এগোবে তা এখন বলা মুশকিল। বাংলাদেশ দল নিজেদের ভুলে জেতা ম্যাচ হেরে গেছে শারজায়। শুধু দলের পারফরম্যান্স নিয়ে ভাবলে হবে না। ক্রিকেটের প্রতি আরো বেশি যত্ন ও নজর দিতে হবে। যেমন—ক্রিকেটারদের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কি না, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক অবস্থা ভালো আছে কি না, তাও লক্ষ্য রাখতে হবে। তাই টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে হলে সব দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। সে বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিতে হবে।
বজলুল করিম
ধানমন্ডি, ঢাকা
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আসরে বাংলাদেশ খেলছে। জয়-পরাজয় খেলাতে থাকবেই। কিন্তু টি-২০ বিশ্বকাপে টাইগারদের সেমিফাইনালে খেলায় স্বপ্ন পূরণের জন্য অবশ্যই প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেজন্য তাদেরকে অনুশীলন ও চর্চাসহ অন্য বিষয়গুলোর প্রতি এখনই গুরুত্ব দিতে হবে। তা-না হলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
মো. মামুন
বংশাল, ঢাকা
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দল খেলছে। আশা করি সেমিফাইনালেও তারা খেলবে। তবে বাংলাদেশ দলকে সাহস নিয়ে খেলতে হবে। যাতে বেশি রান করা যায়। বড় দল ছোট দল থাকবেই তবে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বড় দলের সঙ্গে সাহস নিয়ে খেলতে হবে। তাহলে বিজয় সহজ হবে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ শিরোপা লাভ করুক, সেই প্রত্যাশা করছি।
প্রহরী মনিরুজ্জামান
ত্রিশাল, ময়মনসিংহ
আইসিসি টি-২০ বিশ্বকাপের গত ৫ আসরে মূল পর্বে জয় নেই বাংলাদেশের। মূল পর্বে হার বয়ে বেড়াচ্ছে টাইগাররা। টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অবিরাম অনুশীলন, চর্চা, আত্মবিশ্বাস ও সাহস। সুতরাং সেমিফাইনালে খেলার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে বাংলাদেশকে।
অ্যাডভোকেট এস. কে. মো. রজিম উদ্দিন
কাকরাইল, ঢাকা
টি-২০ বিশ্বকাপে ক্রিকেট আসরে বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য কতদূর তা এখন বলা যাচ্ছে না। অন্যদিকে টাইগারদের সেমিফাইনাল খেলায় স্বপ্ন পূরণ হবে কি না তাও একেবার নিশ্চিত হওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কা ও ইল্যান্ডের বিরুদ্ধে হারার পর যেন বিপাকেই পড়ে গেছে বাংলাদেশ। ফিকে হয়ে গেছে সেমিফাইনালে খেলার স্বপ্ন। তবে সেমিফাইনালে যেতে হলে বড় দলগুলোকে হারানোর বিকল্প নেই। তবে বাটলারের কাছে ভালো দলের স্বীকৃতি পেল বাংলাদেশ। তিনি বাংলাদেশকে শক্তিশালী একটি দল বলে মন্তব্য করেছেন। তাই আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাক সামনের দিকে।
শিশির
পিলখানা, ঢাকা
আইসিসি টি-২০ বিশ্বকাপের মূল পর্বে বা দ্বিতীয় রাউন্ডে এখনো পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ দল। বহু কাঙ্ক্ষিত সেই জয়টা হাত থেকে ফসকে গেছে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ও দ্বিতীয় ম্যাচে। সুতরাং টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন অবিরাম চর্চা ও ত্রুটি বিচ্যুতিগুলো ঠিক করে নেওয়া।
আলতারা আনিকা লাবন্য
ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়
আজিমপুর, ঢাকা
টাইগাররা ভালো খেলছে বলে আজ বাংলাদেশ ক্রিকেট দল অনেক দূর এগিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে টাইগাররা আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারছে। ভবিষ্যতে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে এই টাইগাররা। খেলায় মনোনিবেশ করতে হবে, ভালো খেলা উপহার দিতে হবে, ক্রিকেট বিশ্বকাপে স্বপ্ন পূরণ করতে হবে-এমন চিন্তাচেতনা টাইগারদের থাকতে হবে। নয়তো বিশ্বকাপ ক্রিকেটে স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তবে আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি যেমন স্বপ্ন দেখে তেমনি স্বপ্ন পূরণও করতে জানে।
ফারুক আহমেদ
বাগমারা রাজশাহী
টি-২০ বিশ্বকাপের ১ম রাউন্ডে চার ম্যাচে খেলে দুটি জয় ও দুটিতে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের। জয় দুটি ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুতরাং, এই মুহূর্তে কাজ হবে টাইগারদের সেমিফাইলের জন্য অনুশীলন। অবশ্যই এগিয়ে যাবে বাংলাদেশ।
মো. শহীদুল ইসলাম রয়েল
মধ্যপাড়া, বগুড়া
ছাত্র জীবনে অধ্যয়নের বিষয়ে প্রবাদ রয়েছে- ছাত্রনং অধ্যয়নং তপঃ। সুতরাং, সব কিছুর জন্যই সাধনার প্রয়োজন রয়েছে। সাধনার মাধ্যমে সিদ্ধ হওয়া সম্ভব। বিশ্বকাপ টি-২০ চলছে, খেলায় জয়-পরাজয় রয়েছে। তবে সাধনার বলে অবশ্যই জয়ের মুকুট পরতে পারে টাইগাররা। আমাদের টাইগাররা অবশ্যই পারদর্শী। সামনে ভালো করবে। তবে সে জন্য প্রয়োজন সাধনা। টাইগাররা সেমিফাইনাল কেন, তারা ফাইনালে খেলার একটি স্বপ্ন পূরণ করবে এটাই প্রত্যাশা।
মো. ইফতেখার হোসাইন লিটন
হাইমচর, চরভৈরবী
টি-২০ বিশ্বকাপে এগিয়ে চলেছে বাংলাদেশ। আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা খুব বেশিদিন হয়নি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখন ক্রিকেটের ভক্ত। টি-২০ ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে। তবে সেমিফাইনালে খেলার জন্য প্রয়োজন চর্চা। শুধু তাই নয়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ভাগেই ভালো করতে হবে বাংলাদেশকে। এতে করে জয়ের সুযোগও বাড়বে অন্য ম্যাচগুলোতে। আমরা প্রত্যাশা করছি, বিশ্বকাপে বাংলাদেশ আরো বহু দূর যাবে। এমনকি সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ করে দেবে আমাদের টাইগাররা।
সুলতানা জামান
মানিকনগর, ঢাকা
