ইরান দাবি করেছে, সাইবার আক্রমণের মাধ্যমে দেশটির জ্বালানি বিতরণ নেটওয়ার্ককে অচল করে দেওয়া হয়েছিল। গত মঙ্গলবারে হওয়া এই সাইবার আক্রমণের পেছনে একটি বিদেশি দেশ রয়েছে বলে দেশটির অভিযোগ। প্রিডেটরি স্প্যারো নামে পরিচয় দেওয়া একটি গ্রুপ দাবি করেছে, তারা ঐ সাইবার আক্রমণ চালিয়েছে। কিন্তু ইরানের শীর্ষ ইন্টারনেট নীতি-নির্ধারণী সংস্থা এর পেছনে একটি বেনামি ‘স্টেট অ্যাক্টর’ (বিদেশি কোনো সরকার দ্বারা পরিচালিত কেউ) রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, এর লক্ষ্য ছিল ‘মানুষের মধ্যে ক্ষোভ জাগিয়ে তোলা’।
ঐ আক্রমণের মাধ্যমে ইরানের পেট্রোল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে বিকল করে দেওয়া হয়। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটর গাড়ি চালকেরা সরকারের ইস্যু করা স্মার্ট কার্ড দিয়ে হ্রাসকৃত মূল্যে পেট্রোল কিনতে পারতেন। তাই ভর্তুকি দেওয়া জ্বালানি কেনার জন্য দেশটির পেট্রোল স্টেশনগুলোতে সব সময়ই দীর্ঘ লাইন থাকে। ঐ নেটওয়ার্কের পাশাপাশি হ্যাকাররা রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের হাইওয়েতে বসানো ডিজিটাল বিলবোর্ডের দখল নিয়েছিল। সেগুলোতে তারা একটি বার্তা পোস্ট করে, যাতে লেখা ছিল, ‘খামেনি, আমাদের জ্বালানি কোথায়?’
