মির্জাপুরে চাঞ্চল্যকর পোশাকশ্রমিক লাখী হত্যা মামলার আসামি তার স্বামী গোলাম সরওয়ার বাপ্পিকে (২২) পুলিশ গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা আইয়ুব হোসেন খান বুধবার রাতে অভিযান চালিয়ে বাপ্পিকে গাইবান্ধা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মির্জাপুর থানার দেওহাটার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান আসামি বাপ্পিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, লাখীর বাবার নাম লাল মিয়া। বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নারিচাগারি গ্রামে। অপরদিকে খুনি গোলাম সারওয়ার বাপ্পির বাবার নাম নাজিম উদ্দিন। বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার আখিরা ফতেপুর গ্রামে। লাখী ও বাপ্পি স্বামী-স্ত্রী। মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে দুজনেই পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। পারিবারিক কলহের জেরে গত ১৩ অক্টোবর বাপ্পি তার স্ত্রী লাখীকে খুন করে পালিয়ে যায়। ঘটনার পর লাখীর ভাই মো. রায়হান বাদী হয়ে গোলাম সরওয়ার বাপ্পিকে প্রধান আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
