জয়পুরহাটে ইজিবাইক ছিনতাই করার জন্য নির্মমভাবে খুন করা হয় চালক শফিকুল ইসলামকে (৩০)। জেলা গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হওয়া ঐ খুনের সঙ্গে জড়িত দুই ব্যক্তি পুলিশকে এমন তথ্য দিয়েছে। বুধবার রাতে তাদের গ্রেফতার ও খুনের সময় ব্যবহূত চাকু, রশি ও ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে আয়োজিত মিট দ্য প্রেসে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সাংবাদিকদের এ তথ্য জানান। খুন ও ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য হচ্ছে :ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়ার রশিদুল ইসলাম ও একই গ্রামের রুবেল হোসেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, গ্রেফতারকৃত দুই জনের দেওয়া প্রাথমিক তথ্য মতে, গত ২৫ অক্টোবর দুপুরে তারা শফিকুল ইসলামের ইজিবাইটি সদর রোডের পৃথিবী কমপ্লেক্স এর সামনে থেকে ২০০ টাকায় ভাড়া করে মঙ্গলবাড়ী যাওয়ার জন্য। সেখান থেকে ফেরার পথে পূর্বপরিকল্পনা মোতাবেক দোগাছী ইউনিয়নের গুচ্ছ গ্রামের মোড় থেকে ১০০ গজ দূরে পূর্ব পাশে রাত ৯টার সময় ইজিবাইকে থাকা রশিদুল, রুবেলসহ অপর আসামি পেছন থেকে চালক শফিকুলের গলায় প্রথমে রশি দিয়ে শ্বাসরোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রশিদুল চাকু দিয়ে গলায় ফাঁস দিয়ে জবাই করে। পরে রাস্তার পাশে ফেলে ইজিবাইক নিয়ে চলে যায়। পরের দিন শফিকুলের বাবা নিলু ফকির বাদী হয়ে জয়পুরহাট থানায় হত্যা মামলা দায়ের করে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিদের গ্রেফতার এবং ছিনতাই করা ইজিবাইকসহ খুনের কাজে ব্যবহূত চাকু, রশি ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া রশিদুল ইসলাম ট্রাকের চালক ও রুবেল ট্রাকের হেলপার হিসেবে কাজ করত বলে জানায়।
