অবৈধ প্রিন্টিং বন্ধ করা, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা ও সরকারের অনুমোদনপ্রাপ্ত বৈধ প্রেসে যাবতীয় ছাপার কাজ করার দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামছুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুড়িগ্রাম প্রেস মালিক সমিতি। কুড়িগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সমিতির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সমিতির সভাপতি খাজা সাইদ উদ্দিন আলী আহমেদ নন্টু, শ্যামল ভৌমিক, আশীষ বকসী, খন্দকার মাহফুজ টিউটর প্রমুখ। জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা, অবৈধ প্রিন্টিং বন্ধ করা, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রেস মালিক সমিতি।
