খুলনায় স্বামী, স্ত্রী ও তাদের ১২ বছরের মেয়েকে হত্যার ঘটনায় আটক জিয়াউর রহমান জিয়া, সুলতানা ও আব্দুল খালেককে রিমান্ড নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার কয়রা থানার উপপরিদর্শক আছাদুল ইসলাম তাদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঐ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এদিন সকালে স্থানীয় ঘুঘরাকাটি বাজারে মানববন্ধন করেছে ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা। কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটনের জোর প্রচেষ্টা চলছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বাগালী ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি খাতুন ও তাদের মেয়ে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনির লাশ উদ্ধার করে পুলিশ।
