চাটমোহরে করোনার গণটিকা নিতে ভিড়

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গত ২৮ সেপ্টেম্বর চাটমোহরে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। ঐদিন প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। এক মাস পর বৃহস্পতিবার গণটিকার ২য় ডোজ প্রদান করা হয়। এদিন উপজেলার ১১টি ইউনিয়নের টিকাকেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এই টিকা প্রদান করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যেকটিতে দেড় হাজার করে মোট ১৬ হাজার ৫০০ ও পৌরসভাসহ নিয়মিত টিকাদানের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়। টিকা নিতে এসব কেন্দ্রে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সকাল ৯টার মধ্যেই টিকা নিতে আগ্রহীরা দীর্ঘ লাইনে দাঁড়ান। তাদের সামলাতে স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে হয়। পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী জানান, প্রথম ডোজ ১ হাজার ৫০০ টিকা দেওয়া হয়েছিল। ২য় ডোজও সমপরিমাণ টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, টিকা গ্রহণকারীদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। ফলে ভিড় হয়েছে। সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলে। এছাড়া নিয়মিত কেন্দ্রে টিকাদান কার্যক্রমও অব্যাহত ছিল।