গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৫

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মো. জিয়াউল হক গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

তিনি আরো জানান, ২০১৮ সালের ১২ জুন জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। ছোট ভাই টাকা দিতে রাজি না হওয়ায় সে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোবায়েরকে মারতে যান। এ সময় তার মা জহুরা বেগম বাধা দিতে এলে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্বামী নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।