পৃথক সড়ক দুর্ঘটনায় বুধ ও বৃহস্পতিবার স্কুল ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
পঞ্চগড় : পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুই জন মারা গেছে। বৃহস্পতিবার সকালে সুমন (১৬) প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের বগদুলঝুলা সরকারপড়া এলাকায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। অন্যদিকে বুধবার গভীর রাতে বোদা উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা সেতুর ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে আরোহী আবু শাহ মিনু (৩৫) মারা যান।
বড়শশী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সা্ঈদ চৌধূরী স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরে বৃহস্পতিবার বিকালে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকার (৭৮) মারা গেছেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী বাস বিরামপুর পৌর সীমানা সংলগ্ন টাটকপুর নামক স্থানে মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষক তালেব উদ্দিন সরকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
