বৃহস্পতিবার দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা ১১টার দিকে ট্রেনটি ঢালারচরের দিকে ছেড়ে যায়। এর আগে সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন ইত্তেফাককে জানান, ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটি দুমড়ে মুছড়ে গেছে। প্রায় পৌনে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি ঢালারচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন পাবনা-রাজশাহী রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
