দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলার সব পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, উপকমিশনার আলী আশরাফ ভূঁঞা ও জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান প্রমুখ। সভায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর বরিশালের ১২টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ইউনিয়নের মধ্যে সাতটিতে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন। এর মধ্যে সদর উপজেলার ছয়টি ইউপিতে ৩০ জন এবং বানারীপাড়া উপজেলায় একটি ইউনিয়নে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী।
