রংপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে মকবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাজিরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মৌলভীপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হন দিনমজুর মকবুল হোসেন। সন্ধ্যা হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী মকবুলের লাশ বাঁশঝাড়ে ঝুলতে দেখে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান আরিফ জানান, তাত্ক্ষণিকভাবে সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
লোহাগড়ায় আমন ব্রি হাইব্রিড-৬ ধান কর্তন
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ায় আমন ব্রি হাইব্রিড-৬ ধান কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ-পাংখার চর গ্রামের কৃষক অনুকুল বিশ্বাসের তিন একর জমিকে সর্ব প্রথম আমন ব্রি হাইব্রিড-৬ ধান কাটা হয়। এ সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমন ব্রি হাইব্রিড-৬ ধান চাষ করুন, কৃষকরা অধিক মুনাফা অর্জন করুন। একরপ্রতি ১০০ মণ ধান উত্পাদন হয়েছে। আমন মৌসুমে স্বল্পমেয়াদি উচ্চফলনশীল এ জাতের ধান চাষে কৃষক লাভবান হবে। লোহাগড়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে আমন ব্রি হাইব্রিড-৬ ধান কর্তনের সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের গোপালগঞ্জের ধান গবেষক মো. ফারুক হোসেন খান প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাহমুদ সাজ্জাদের স্মরণসভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদের স্মরণসভা বুধবার বিকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটির আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যরা। এ সময় বক্তারা প্রয়াত মাহমুদ সাজ্জাদের স্মৃতি রক্ষার্থে তার অভিনীত চলচ্চিত্র, নাটক সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব উত্থাপন করেন। উল্লেখ্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে গত ২৪ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আক্কেলপুরে গণটিকার উদ্বোধন
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌরসভার তত্ত্বাবধানে কোভিড-১৯-এর গণটিকার দ্বিতীয় ডোজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আক্কেলপুর সরকারি এফ ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের কক্ষে গণটিকার দ্বিতীয় ডোজের উদ্বোধন করেন আক্কেলপুর পৌরসভার মেয়র মো. শহিদুল আলম চৌধুরী। তিনি বলেন, গত মাসের ২৬ তারিখে কোভিড-১৯-এর প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিল। বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সব জনসাধারণকে কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসা হবে।
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে সনাক, টিআইবি ও সুজন এর নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি অধ্যাপিকা শাহানারা বেগম।
