আত্মহত্যার সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হওয়ার পরামর্শ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৫০

আত্মহত্যার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল হতে  হবে। গুলশানস্থ স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘প্রিভেনশন সুইসাইড :এ রিসোর্স ফর মিডিয়া প্রোফেশনালস’ শীর্ষক দুই দিনব্যপী  কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এই মতামত ব্যক্ত করেন। বুধবার এই কর্মশালা শুরু হয়। গবেষণায় দেখা গেছে, আত্মহত্যার সংবাদ পরিবেশন বা প্রচারের ক্ষেত্রে নির্দেশনা অবলম্বন করা হলে আত্মহত্যার পরিমাণ কমে যায়। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বিত উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন। কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন ডব্লিউএইচওর মেন্টাল হেলথ সাবসটেন্স অ্যাবিউজের প্রোগ্রাম ম্যানেজার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমদ।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালাউদ্দিন কাওসার বিপ্লব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান, ডা. জালাল উদ্দিন, জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর শাহিদা সুলতানা, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ,  আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মারুফ আহমেদ খান ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহানাজ পারভেজ, ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান জোবেদা খাতুন, কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাফিয়া ফেরদৌসী এবং সূচনা ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর সালোয়া সালাম শাওলী।