দেশের অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোগে উত্পাদনশীলতা বৃদ্ধি এবং স্বল্পদক্ষ, অদক্ষ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের শোভন কর্মসংস্থানের জন্য ২৫ কোটি ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর ইমপ্লোয়মেন্ট (আরএআইএসই) শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। পিকেএসএফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং বিশ্বব্যাংকের পক্ষে আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন এতে স্বাক্ষর করেন। পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি ডলারের এই প্রকল্পে ১৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক এবং অবশিষ্ট ১০ কোটি ডলার পিকেএসএফের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে। ‘আরএআইএসই’ প্রকল্পের আওতায় পিকেএসএফের ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে সারা দেশের শহর ও উপশহরাঞ্চলে অবস্থিত ব্যবসাগুচ্ছভুক্ত ১,৭৫,০০০ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ব্যবসায় সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে।
