একসময়ের রাজপথ কাঁপানো কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি বিশেষায়িত হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রাত সোয়া ৭টায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বরেণ্য রাজনীতিক আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
এমপি সীমা আরো জানান, তার বাবা আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভোগছিলেন। এরই মধ্যে বুধবার তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় এদিন সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিত্সকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তার বাবার আশু সুস্থতার জন্য কুমিল্লাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
