মধ্যরাতে কোম্যানকে ছাঁটাই করল বার্সা নতুন কোচ জাভি!

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:১৭

 ‘আমি জানি না, আমার চাকরি হুমকির মধ্যে আছে কি না।’ রায়ো ভায়েকানোর কাছে ১-০ হারের পর এমনটাই বলেছিলেন রোনাল্ড কোম্যান। তার ভবিষ্যত্ নিয়ে তো অনেক দিন ধরেই টানাটানি হচ্ছিল। কিন্তু এল ক্লাসিকোসহ টানা দুই ম্যাচ হারের পর একটা কিছু যে হতে চলেছে, তা কোম্যানের কথাতেই আন্দাজ করা যাচ্ছিল। সেজন্য বেশি কালক্ষেপণ করেনি বার্সেলোনা। পরশু মধ্যরাতেই কোম্যানকে ছাঁটাই করার খবরটি জানিয়ে দেয় তারা।

কোম্যানের উত্তরসূরি হিসেবে আপাতত ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে ছাড়া আর কাউকে ভাবছে না বার্সা। চলতি মাসের শুরুতেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর তার সঙ্গে আলোচনা করেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, জাভিও ডাগআউটের দায়িত্ব নিতে প্রস্তুত। সাবেক এই মিডফিল্ডার বিশ্বাস করেন, ঘোর অন্ধকারে থাকা বার্সাকে সুদিনে ফিরিয়ে আনতে পারবেন তিনি।

তবে বার্সা ও জাভির পুনর্মিলনীতে বাধা হয়ে দাঁড়াতে পারে আল সাদ। চুক্তি অনুযায়ী, কাতারের ক্লাবটির কোচ হিসেবে ২০২২ পর্যন্ত থাকার কথা রয়েছে সাবেক মিডফিল্ডারের। তার অধীনে সাফল্যের পাশাপাশি টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত  ক্লাবটি। তাই সমঝোতা করতে গিয়ে বেশ বেগ পেতে হবে লাপোর্তার তা বোঝাই যাচ্ছে। তবে তার আগে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছেন সের্হি বারুয়ানের হাতে।

কেননা, নভেম্বরের মাঝামাঝি সময়ের আগে জাভির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নেই। এই সময়ে অন্তত তিনটি ম্যাচ খেলবে বার্সা।

এদিকে কোম্যানের ছাঁটাই হওয়ার খবরটি যেন রিয়াল মাদ্রিদের কাছে আশীর্বাদ হয়ে এলো। তাই তো ওসাসুনার সঙ্গে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর সেই অর্থে খুব বেশি কথা শুনতে হচ্ছে না কার্লো আনচেলত্তির দলকে। যদিও ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তবে সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেভিয়া, বেতিস, সোসিয়েদাদ ও ভায়েকানো।

যে কারণে বরখাস্ত

     হলেন কোম্যান

n         ফল

                এই মৌসুমে বার্সা যে বাজে সময়ের মধ্যে আছে, সেটা অস্বীকার করার জো নেই। এখন পর্যন্ত ১৩ ম্যাচে জয় এসেছে মাত্র পাঁচটিতে, সমান হারসহ ড্রয়ের সংখ্যাটা ৩। এর মধ্যে ১৬ বার জাল খুঁজে পায় তারা, বিপরীতে গোল খেয়েছে ১৭টি। এখনো পর্যন্ত প্রতিপক্ষের মাঠে জয়ের খোঁজে রয়েছে তারা।

n      দলের মনোভাব

                ভায়েকানোর বিপক্ষে এক ক্লান্ত ও দায়িত্বজ্ঞানহীন বার্সাকেই দেখা গেছে। গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছে তারা, সেটাও পেনাল্টি থেকে। কিন্তু ভাগ্য পাশে থাকেনি। সব সময়ই মনে হয়েছে তাদের মধ্যে জয়ের তাড়না নেই। তাই তো লিগে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে কাতালানরা।

n      লাপোর্তার সঙ্গে সম্পর্ক

                মৌসুমে লাপোর্তা ও কোম্যানের মধ্যে কথার যুদ্ধ চলছিল। লাপোর্তা সরাসরি বলেছিলেন, কোম্যানের উত্তরসূরি খুঁজতে মাত্র দুই সপ্তাহ সময় লাগবে। তাতে পরিস্থিত আরো উত্তপ্ত হয়। তাছাড়া খেলার ফর্মেশন নিয়ে দ্বিমত ছিল কোম্যান ও লাপোর্তার মধ্যে।

n      তারকা খেলায়োড়দের বাজে ফর্ম

                মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছেন জেরার্ড পিকে, ফ্রেঙ্কি ডি ইয়ং, সের্হিও বুসকেটসরা। এমনকি নতুন আসা মেমফিস ডিপায় উজ্জ্বল শুরু করলেও পরে যোগ দেন তাদের কাতারে।