বর্ণবৈষম্যের প্রতিবাদে টি-২০ বিশ্বকাপে খেলা শুরু হওয়ার আগে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানো হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হওয়ার আগে হাঁটু মুড়তে রাজি না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। সেই ম্যাচও খেলতে পারেননি এই উইকেট কিপার। এ নিয়ে সমালোচনাও হয়েছিল। অবশেষে মুখ খুললেন কুইন্টন ডি কক। অনুতপ্ত হয়েছেন। নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে বর্ণবৈষম্যবিরোধী প্রতিবাদে শামিল হওয়ার ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছেন এই ক্রিকেটার। কেন তিনি সেই ম্যাচের আগে বর্ণবৈষম্যের প্রতিবাদ করেননি, সেটাও জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
বুধবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করে ডি কক বলেছেন, ‘সবার আগে সতীর্থ ও দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায়, তাহলে আমি সেটাই করব। অনেকে আমাকে বোকা, স্বার্থপর, অবুঝ বলেছেন। এমন কথায় কিছু যায় আসে না। অনেকে আবার আমাকে বর্ণবিদ্বেষী বলেছেন। এটা মানতে পারলাম না। কারণ যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, তারা জানেন আমি কেমন মানসিকতার ছেলে। যদিও আমার এমন ব্যবহারে পরিবারের সব সদস্য ও গর্ভবতী স্ত্রী কষ্ট পেয়েছেন। তাই সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি কিন্তু বর্ণবিদ্বেষী মনোভাব নিয়ে জীবন যাপন করি না।’
