বিএনপি কর্মসূচির নামে জনভোগান্তি করলে কঠোর ব্যবস্থা :কাদের

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা প্রতিহত করবে। গতকাল বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘সভা-সমাবেশ সবার সাংবিধানিক অধিকার। কিন্তু সমাবেশের অনুমতি না দিলে বিএনপি বলত সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, আর অনুমতি দিলে হামলা, সন্ত্রাস সৃষ্টি করে জনগণের সম্পদ বিনষ্ট করে। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা।’

ওবায়দুল কাদের বলেন, গত মঙ্গলবার নয়াপল্টনে পুলিশের ওপর  হামলা ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সক্ষম নয়, তাদের কর্মসূচি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তিনি বলেন, মঙ্গলবারের কথিত সম্প্রীতি সমাবেশের আড়ালে বিএনপির ভিন্ন কোনো এজেন্ডা ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। অপরাধীদের বাঁচানোর জন্যই সম্প্রীতি সমাবেশের নামে বিএনপির এই সন্ত্রাস। সেতুমন্ত্রী বলেন, আসলে হামলা, সংঘর্ষ, ষড়যন্ত্র আর সন্ত্রাসী বিএনপির রাজনীতি। সেটা পূজামণ্ডপে হোক আর নয়াপল্টনে হোক। বিএনপি এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না।