খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৪৯

এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত ১৬ দিন ধরে তার শরীরের তাপমাত্রা ওঠানামার মধ্যেই আছে। কোনো উন্নতি নেই। চিকিত্সকরা বলছেন, বিএনপির চেয়ারপারসন কিডনি-লিভার সমস্যা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এখন নতুন উপসর্গ হিসেবে শরীরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। চিকিত্সকরা বারবার ওষুধ বদল করলেও গত ১৬ দিনেও তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার বায়োপসি করা হয়েছে। যদিও বায়োপসি রিপোর্ট নিয়ে বিএনপি এবং তার (খালেদা জিয়া) চিকিত্সকদের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে না। এ বিষয়ে উভয় পক্ষ থেকে বলা হচ্ছে—এটা একজন রোগীর প্রাইভেসির বিষয়। এটা নিয়ে কথা বলার কিছু নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিত্সক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। এখনো বলার মতো কিছু হয়নি। ওনার শারীরিক অবস্থা নিয়ে বলার মতো কিছু হলে আমরা জানাব। হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার যে মাইনর অপারেশন করা হয়েছে, সেটা কোনো রোগের নয়। তার শরীরের একটি জায়গা অস্বাভাবিক থাকায় সেটা কী, তা জানতে বায়োপসি করা হয়েছে। সুতরাং এই অপারেশনের পরে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।