রাজধানীর হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৫১

রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার প্রথম প্রহরে হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে আদনান সাকিব নামের ২৫ বছর বয়সি ঐ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূইয়া। এসময় তার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে।

আদনান সাকিব নামের ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র।  তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। বাবার নাম আব্দুল মালেক।

হোটেল কক্ষের দরজা ভেঙে সাকিবের ঝুলন্ত লাশ পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। সাকিব বিবাহিত ছিলেন। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে যোগাযোগ করতে না পেরে এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার স্ত্রী বুধবার সকালে থানায় জিডি করেছিলেন।

ঐ কক্ষে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়ে পরিদর্শক মাহফুজ বলেন, সেখানে স্ত্রীকে ‘পৃথিবীর শুদ্ধতম’ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। মৃত্যুর জন্য কেউ দায়ী না, মানসিক চাপের কথা বলা হয়েছে।

পরিবারের সঙ্গে কথা বলেও সাকিবের ‘মানসিক চাপের মধ্যে থাকার’ কথা জানতে পেরেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  তিনি বলেন, গ্রাম থেকে সাকিবের পরিবারের সদস্যরা আসছেন। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ঐ শিক্ষার্থী হোটেলে উঠেছিল মঙ্গলবার। বুধবার রাতে হোটেলের লোকজন ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।