ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৫৫

যেসব ই-কমার্স প্রতিষ্ঠান বর্তমানে সরকারি নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে সেগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন (নিবন্ধন) নেওয়ার বাধতামূলক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে কোনো প্রতিষ্ঠান এ ধরনের ব্যবসায় যুক্ত হতে চাইলে তাদেরকে নিবন্ধন নিয়েই ব্যবসা শুরু করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংককে যুক্ত রাখতে হবে। এছাড়া আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সিদের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। এদিকে আগামী ২০২২ সালে অনুমোদিত ২২ দিনের সরকারি ছুটির মধ্যে ছয় দিনই পড়ছে শুক্র ও শনিবার অর্থাত্ সরকারি সাপ্তাহিক ছুটির দিন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশনপ্রাপ্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। রেজিস্ট্রেশনবিহীন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে প্রচারণা চালাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা প্রদানের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান যেন ভুয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন নিতে না পারে। মন্ত্রিসভায় আলোচ্যসূচির বাইরে অনির্ধারিত আলোচনায় ই-কমার্সের বিষয়টি ওঠে আসে।            আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করার পর দ্রুততম সময়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের টিকা দিতে শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় ১২টি স্থান নির্দিষ্ট করেছে। আপাতত সেখান থেকেই শুরু হবে এ কার্যক্রম। এর সঙ্গে পরবর্তী সময়ে আরো যুক্ত হবে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলো। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকায় শিক্ষার্থীদের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার। এর মধ্যে ৩ লাখ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন : অন্যদিকে ২০২২ সালের সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে ছয় দিন শুক্র ও শনিবার।

বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংকালে বলেন, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে ছয় দিন। এবারও বিভিন্ন ধর্মীয় উত্সবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মীয় উত্সবের জন্য ঐচ্ছিক ছুটি থাকবে তিন দিন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে ।