সাম্প্রদায়িক হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৫৫

বাংলাদেশকে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হলে বঙ্গবন্ধুর দেওয়া ’৭২-এর সংবিধান ফিরিয়ে আনতে হবে। সব নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক হামলায় জড়িত, হামলাকারী ও উসকানিদাতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক সম্প্রীতি সমাবেশে সংহতি জানিয়ে এ কথা বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। নগরীর নন্দনকানন চত্বরে এ মহাসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির-মণ্ডপ ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও নোয়াখালী ইসকন মন্দিরে সন্ন্যাসী হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, ‘গত ১৩ বছর যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছে তারাই এ হামলায় জড়িত।’ উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, ‘এই সম্প্রীতি সমাবেশ প্রমাণ করেছে বীর চট্টলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সকলেই একই রক্তের মানুষ।’

সমাবেশে সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা ইন্দু নন্দন দত্ত,  মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী ও ইসকন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।