ফ্লাইওভারে পিলারে ফাটলের অভিযোগ

চসিক তদন্ত কমিটি করছে বিশেষজ্ঞদের নাম চেয়ে চুয়েট-সওজকে চিঠি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৫৭

বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল নিয়ে বিভ্রান্তি দূর করতে বিশেষজ্ঞ সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। যেহেতু ফাটল নিয়ে কথা উঠেছে, সেজন্য এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চায় চসিক। কারণ এর সঙ্গে মহানগরবাসীর জীবনের নিরাপত্তা জড়িত। সেই সঙ্গে আছে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও।

চসিক মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপরি উক্ত বিষয়টি আলোচনার পর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে জানান, চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন এটি একটি কারিগরি বিষয়, কাজেই মুখে মুখে সাফাই গাইলে চলবে না। তাই নগরীর বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভারে র্যাম্পের পিলারে ফাটল সৃষ্টি হয়েছে কি না, এ ব্যাপারে মেয়র রেজাউল করিম চৌধুরীর নির্দেশে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে চসিক। গতকাল বিশেষজ্ঞদের নাম চেয়ে চসিক থেকে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।