মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেলসহ ফেরি উলটে যাওয়ার ঘটনা তদন্ত করবে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই ঘটনা তদন্তে চার সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক এবং রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ ও আছলাম হোসেন সওদাগরকে সদস্য করে ঐ উপ-কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে মূল কমিটির কাছে প্রতিবেদন দেবে উপ-কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবার সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে। এছাড়া সব সমুদ্রবন্দরের জন্য একটি একক আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে বাংলাদেশের সব নদনদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন-পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।
