গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৫৮

গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু, অ্যামাজনসহ ইন্টারনেটভিত্তিক অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বকেয়াসহ সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত বছরে ঘোষিত এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু, অ্যামাজনসহ ইন্টারনেটভিত্তিক অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফিসহ সব লেনদেন থেকে মূসক, টার্নওভার কর সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর এবং আয়কর প্রদানসহ সব ধরনের রাজস্ব আদায় এবং বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ছয় মাস পরপর ইন্টারনেটভিত্তিক এসব সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফিসহ সকল প্রকার লেনদেন থেকে মূসক, টার্নওভার কর সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর এবং আয়কর প্রদানসহ সব ধরনের রাজস্ব আদায় করে হলফনামা দাখিল করতে রাজস্ব বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। রায়ে আদালত বলেছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২-এর ৪ ধারা অনুসারে ইন্টারনেটভিত্তিক এসব সামাজিক যোগাযোগ মাধ্যমকে মূসক নিবন্ধন বাধ্যতামূলক। এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪-এর ধারা ৭৫ মোতাবেক এসব সামাজিক যোগাযোগমাধ্যমকে আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য।