ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মুসলমানদের সম্পত্তি ও মসজিদে হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। এ অবস্থায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, ত্রিপুরায় কয়েকটি হিন্দু গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সমাবেশ করতে অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ হিন্দু সংগঠনগুলোর।
এদিকে ইত্তেফাকের কলকাতা প্রতিনিধি জানান, ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে—ত্রিপুরায় মসজিদ ভাঙার গুজব ছড়ানো হয়েছে। এই গুজব মোকাবিলায় কড়া মনোভাব নিয়েছে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ভুয়া আইডি থেকে বিভিন্ন ছবি এবং গুজব ছড়ানো হয়েছে। সেগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিপুরার পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।
সম্প্রতি উত্তর ত্রিপুরার পানীসাগরে এক প্রতিবাদ মিছিল হয়। সেখান থেকে একটি মসজিদে আগুন লাগানো হয় এমন খবর ছড়ানো হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদে আগুন লাগানো বা ভাঙচুরের কোনো রকম ঘটনা ঘটেনি। যে ছবি ছড়ানো হয়েছে, সেটা অন্য কোনো দেশের ঘটনা হতে পারে। তাই আমরা সর্বসাধারণের কাছে আবেদন করছি, কেউ এরকম ভুয়া আইডি সাবস্ক্রাইব করবেন না। সেখান থেকে আসা এ ধরনের ভুয়া ছবি বা খবর অন্যকে ফরওয়ার্ড করবেন না। ইতিমধ্যে মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ ধরনের উদ্যোগ এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি কড়া হাতে মোকাবিলা করা হবে। বিশেষ উদ্দেশ্যে এবং ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে এ ধরনের কার্যকলাপ চালানো হচ্ছে। তাই ত্রিপুরা সরকার সেখানকার সাধারণ মানুষকে অনুরোধ করছে আইনশৃঙ্খলা মেনে চলার।
