স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব দ্রুতই সারা দেশের ১২ থেকে ১৭ বছর বয়সি স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে। ১ নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কেবিনেট শেষে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার জন্য কেন্দ্র বৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন। ১২ থেকে ১৭ বছর বয়সি স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২-১৭ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে। ফাইজারের টিকা এখন হাতে পর্যাপ্ত রয়েছে। আগামী নভেম্বর মাসে আরো ৩৫ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন আমাদের হাতে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে। আগামীতেও এভাবেই টিকা আসতেই থাকবে। ডিসেম্বরের মধ্যেই টিকাদানের ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রার ৫০ ভাগ পূরণ করা সম্ভব হবে। ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্যও টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
