ভারতে ভোটকুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর বলেছেন, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। ভারতের মানুষ ক্রমশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে উঠছে। এবার হয়তো মানুষ নরেন্দ্র মোদিকে ফেলে দেবে। কিন্তু বিজেপি কোথাও যাচ্ছে না। তারা এখানেই থাকবে এবং পরবর্তী কয়েক দশক ধরে লড়াই চালাবে। আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বুধবার গোয়ায় ভার্চুয়াল একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রশান্ত কিশোর। সেখানে তিনি বলেন, জিতুক বা হারুক আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে। যেমন ভারতের স্বাধীনতার পরবর্তী ৪০ বছর ছিল কংগ্রেস। ভারতে এক বার ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে গেলে দ্রুত প্রস্থানের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি ৩৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল।
নরেন্দ্র মোদি এবং বিজেপির শক্তির মূল্যায়নে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাবনায় ভুল রয়েছে বলে মনে করেন প্রশান্ত। তিনি বলেন, তিনি (রাহুল) মনে করেন, এটি শুধু সময়ের অপেক্ষা। মানুষই তাকে (মোদি) সরিয়ে দেবে। কিন্তু তা হচ্ছে না। আপনি যদি প্রতিপক্ষের সঙ্গে শক্তিপরীক্ষা না করেন, তার শক্তি সম্পর্কে আপনার উপলব্ধি না হয়, কখনোই তাকে হারাতে পারবেন না।
