জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন নামে এই দুই শিক্ষার্থী শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঐ দুই শিক্ষার্থী ফেসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ‘ফেসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছেন, লন্ডন ছাড়া ইউরোপের অন্য কোনো অফিসে যোগদান করতে চাই কী না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি।’
তিনি বলেন, ‘মোট তিনটা ধাপে আমার ভাইবা নিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা ছিল। প্রতিটি ভাইবার জন্য সময় দিয়েছেন ৪৫ মিনিট করে। শাবিতে পড়াকালীন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা ফেসবুকের ভাইবায় খুব কাজে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘ফেসবুকের মতো জনপ্রিয় একটা সাইটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে, যাদের ফেসবুক, গুগলে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছেন না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করব, যাতে তারা সঠিক গাইডলাইন পান।’
অপর শিক্ষার্থী এম নাজিম উদ্দীন বলেন, ‘২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য।’
তিনি বলেন, ‘প্রথম কয়েক বার আবেদন করে ব্যর্থও হই। কিন্তু সব সময়ই নিজের ওপর বিশ্বাস ছিল। কখনোই মনোবল হারাইনি। অবশেষে এই বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করি ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ছয়টা করে ইন্টারভিউ নেয় গুগল ও ফেসবুক। সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে জয়েনিং আগামী ফেব্রুয়ারিতে।’
