খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে উত্তম মজুমদার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত বুধবার রাতে র্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি দল নগরীর লবণচরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। উত্তম মজুমদার বাগেরহাটের চিতলমারী উপজেলার অশোকনগর গ্রামের অমল মজুমদারের ছেলে। তিনি একটি ফেসবুক পেজের অ্যাডমিন। উত্তম বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
র্যাব-৬-এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. বজলুর রশীদ জানান, গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলেন। তিনি নিজে ঐ পেজের অ্যাডমিন এবং তার সমমনা আরো কয়েক জনকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করেন। খুব দ্রুতই ঐ পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার ও উসকানিমূলক পোস্ট প্রদান করা হচ্ছিল, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা ঘটানোর অপতত্পরতা। ঐ ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশসমূহে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়ভীতি তৈরিসহ উসকানি প্রদান করা হচ্ছিল। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বিষয়টি র্যাবের নজরে এলে সাইবার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত উত্তম মজুমদারকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
