পাকিস্তানের জয় উদ্যাপন

ভারতের আগ্রায় কাশ্মীরের তিন শিক্ষার্থী গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:৫৩

চলমান টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদ্যাপন করায় কাশ্মীরের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের আগ্রা পুলিশ। গত বুধবার তাদের গ্রেফতার করা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে এক টুইট বার্তায় গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, যারা পাকিস্তানের বিজয় উদ্যাপন করেছে, তারা রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত হবে।

আটক তিন জনই আগ্রার রাজা বলবন্ত সিং কলেজের প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী। আরশিদ ইউসুফ ও ইনায়াত আলতাফ শেখ কলেজের তৃতীয় বর্ষের এবং শওকত আহমেদ গানাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে মাঠ পর্যায়ে শত্রুতায় উসকানি দেওয়া এবং সাইবার সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে।

সংবাদ সংস্থা এএনআইকে আগ্রার পুলিশ সুপার বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়। সেখানে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার ঐ শিক্ষার্থীদের কলেজ থেকেই বহিষ্কার করা হয়েছে। এদিকে তিন কাশ্মীরি শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এর আগে পাকিস্তানের জয়ে উল্লাস করার অভিযোগে কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের কয়েক জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাজস্তানের উদয়পুরের এক স্কুলশিক্ষককেও আটক করা হয়েছে।