যশোরে ৮ পিস ইয়াবা উদ্ধার মামলা

সাড়ে ছয় বছর হাজতবাসের পর সাজা হলো ৬ মাস

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:৫৩

৮ পিস ইয়াবা উদ্ধার মামলায় প্রায় সাড়ে ছয় বছর হাজতবাসের পর আসলাম (৩৫) নামের এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড হয়েছে। তার হাজতবাসকে সাজা বিবেচনা করে বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক এ রায় দিয়েছেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বিনা বিচারে জেল খাটার বিষয়টি আদালতের নজরে আনে। আদালতের নির্দেশে ১৯ অক্টোবর আসলামকে মুক্তি দেওয়া হয়। আসামি আসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কাওসার আলী সরদারের ছেলে।

ব্লাস্ট কর্মকর্তা অ্যাড. জান্নাতুল ফৌরদৌস জানান, মালয়েশিয়া প্রবাসী আসলাম ২০১৪ সালে দেশে ফেরার পর মাদকাসক্ত হয়ে পড়েন। ২০১৫ সালের ২৭ মে ঝিকরগাছা রাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আট পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এই মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। পরিবারের লোকজন আর আসলামের খোঁজ-খবর নেয়নি। দীর্ঘদিন কারাগারে বন্দি থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীনতার শিকার হন। ব্লাস্টের প্যারালিগ্যাল টিমের সঙ্গে আসলামের সাক্ষাত্ হলে তাদের সাথেও অসংলগ্ন কথা বলেন। পরে পরিবারের লোকজনের ঠিকানা উদ্ধার এবং তার পক্ষ থেকে আইনজীবী নিয়োগের আবেদন করা হয়। বিনা বিচারে ছয় বছর পাঁচ মাস হাজত খাটার বিষয়টি অবগত করে গত ১৮ অক্টোবর আদালতে জামিন আবেদন করা হলে আদালত তার জামিন মঞ্জুর করে।

আসলামের ভাই আবু বক্কর বলেন, আসলাম মালয়েশিয়া থেকে বাড়ি ফিরে এলাকার খারাপ লোকের সঙ্গে চলাচল করত। একপর্যায়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। নিষেধ করলে আমাদের ওপর ক্ষিপ্ত হতো। নেশার আসর থেকে পুলিশ তাকে আটক করে। প্রথমদিকে আমরা খোঁজখবর নিতাম, পরে আর পারিনি। আমরা গরিব নিজেদের ঠিকমতো সংসার চলে না। আসলাম অসুস্থ, ভুল বকে। তার চিকিত্সা করানোর মতো টাকা আমাদের নেই। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আসলাম নেশার পিছনে শেষ করেছে। তারপরও তার চিকিত্সার চেষ্টা করব।