যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার অর্থনৈতিক এজেন্ডা সংক্রান্ত বিল এবং অবকাঠামো বিল পাস করতে কংগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিলটি পাস করে দিন এবং দেখুন ভাল কিছুই হবে। তিনি ইউরোপ সফরের আগে গতকাল বৃহস্পতিবার কংগ্রেসম্যানদের প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকানরা কখনো নিজের দেশকে খাটো করে না। খবর সিএনএনের
প্রেসিডেন্ট বাইডেন তার এক দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের সামাজিক নিরাপত্তা ও জলবায়ু সংক্রান্ত ব্যয় বিল এবং এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিলটি পাস করানোর চেষ্টা করছেন। সিনেটে পাস হলেও প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়নি। ৩১ অক্টোবরই বিলগুলো পাসের শেষ তারিখ নির্ধারণ করেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আর প্রেসিডেন্ট বাইডেনও চান, দ্রুত বিলগুলো পাস হোক। কিন্তু তার ডেমোক্র্যাট দলের সদস্যরাও বিলের বিরোধিতা করছেন। ফলে তিনি তাদের বোঝানোর চেষ্টা করছেন। গতকালও তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক করেছেন। ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন মানুষ যা চায় তার সবকিছু পায় না। কিন্তু একটা সমঝোতা তো হতে পারে। এরপর তিনি এক মঞ্চে বক্তব্য দেন। সেখানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদেরকে সুযোগ দিন। মনে রাখতে হবে, আমেরিকানরা কখনো নিজের দেশকে নিচে নামায় না। তাই বিলগুলো পাস করে কাজ করার সুযোগ দিন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি যখন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেছিলাম, তখন মধ্যবিত্তদের বোঝা কমানোর ঘোষণা দিয়েছিলাম। কারণ মধ্যবিত্তরাই জাতি গঠনের মেরুদ্ল। তাদেরকে শক্তিশালী করতেই এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মধ্যবিত্তদের ওপর করের বোঝা কমবে বলেও তিনি জানান। এছাড়া শিশুদের পড়ালেখা ও স্বাস্থ্যব্যবস্থায়ও অগ্রগতি হবে বলে প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন।
