ভারতে বিজেপি বিরোধী সরকার গড়তে সচেষ্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রসারে লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে পশ্চিম ভারতের রাজ্য গোয়ায়ও খোলা হয়েছে দলের শাখা। ইতিমধ্যেই সেখানকার বেশ কিছু জনপ্রিয় নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার দলের জনপ্রিয়তা বাড়াতে বৃহস্পতিবার নিজেই সেখানে পৌঁছে গেলেন মমতা ব্যানার্জি। লক্ষ্য আগামী বছরের শুরুতে সেখানে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখল করা। তবে বিমানবন্দরের বাইরে তার উদ্দেশ্যে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা।
মমতাকে গোয়ার রাজধানী পানাজিতে স্বাগত জানান রাজ্যসভার সদস্য ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিন হো ফেলেইরো, গোয়ার এমএলএ প্রসাদ গাঁওকার, সাবেক এমএলএ ফ্যারেল ফারটোডো গ্রেসিয়াস, লাভু মামলেদার, এন শিবদাস, স্বাতী খেরকার। আজ শুক্রবার থেকে মমতার গোয়ায় টানা কর্মসূচি রয়েছে। গোয়ার কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে তিনি কথা বলবেন। গতকাল বৃহস্পতিবার বিজেপি, কংগ্রেস ও এনসিপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দেন।
