অণুগল্প : বাক্সবন্দি জীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:১৮

মুহম্মদ মাসুদ

 

‘আব্বা!’

সুরুজ মাস্টার পত্রিকার দিকে চোখ রেখেই বললেন, ‘বল।’

‘ও আব্বা!’

‘ক, আমি শুনতাছি।’

‘শুনলেই অইবো না, এদিক চাও।’

সুরুজ মাস্টার পত্রিকা ভাঁজ করে তাকালেন।

‘দ্যাশে নাকি অসুখ আইছে, তার লাগি নাকি ঘরবন্দি থাকা লাগবো!’

‘হ, ক্যাডায় কইলো তোকে?’

‘মনির।’

‘হ, কথা হাছাই কইছে।’

‘তয় আমি যে সেই ছোটকাল থেইক্কাই ঘরবন্দি অইয়া আছি। অব্যেশ অইছে। এ্যাতো মানুষ ক্যামনে...?’

সুরুজ মাস্টারের চোখে অশ্রুফোঁটার গড়াগড়ি। সত্যি! ছেলেটার এই কথাটিই আজীবনের পাপ-অভিশাপ বলে মনে করেন তিনি।

ছেলেটি সেই ছোটবেলা থেকেই বলত, ‘আব্বা! আমিও স্কুলে যাবো। আমারেও লও না।’

সুরুজ মাস্টার সাইকেলে ওঠামাত্রই চোখ দুটো ছলছল করে ওঠে।

ছেলেটি প্রতিবন্ধী। হাঁটতে পারে না।

অলংকরণ :অবিনাশ আচার্য