এই সময়ের ছড়া
দীপ মুখোপাধ্যায়
আমি চাল খাই তুই গম খাস
আমি ভয়হীন তুই চমকাস
আমি নিমপাতা তুই মিষ্টি
আমি রোদ্দুর তুই বৃষ্টি।
আমি ছটফট তুই লক্ষ্মী
আমি পদাতিক তুই পক্ষী
আমি অনাদর তুই যত্ন
আমি পাটকেল তুই রত্ন।
আমি ঘরছাড়া তুই বন্ধন
আমি ধীরস্থির তুই স্পন্দন
আমি এঁদোগলি তুই বাইপাস
আমি ছুতোনাতা ঘাঁটি ছাইপাঁশ।
আমি খুঁটে খাই ছেলে বস্তির
আমি ঝগড়ার তুই দোস্তির
আমি চেনাপথ তুই প্রান্ত
আমি হতাশায় ভারি ক্লান্ত।
আমি বেচারাম তুই খদ্দের
আমি কাব্যের তুই গদ্যের
মিল একটাই ওম শান্তি
আমি ভুলভাল তুই ভ্রান্তি।
