বিনোদন প্রতিবেদক
‘সাম্প্রদায়িক হামলাসহ নানাভাবে আমাদের সম্প্রীতি বিনষ্ট করার যে আপচেষ্টা উগ্রবাদীরা করছেন তার প্রতিবাদ কিন্তু এরইমধ্যে সবাই করছেন। আমাদের শিল্পী সমাজের অনেক আগে এটা করা উচিত ছিল। কিন্তু শুটিংসহ নানা কারণে একটু দেরি হয়ে গেল। তবে আগামীকাল (আজ) আমরা এই সম্প্রীতি সম্মেলন করছি।’—সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত উদ্রবাদী হামলার প্রতিবাদে আয়োজিত সম্মেলন প্রসঙ্গে কথাগুলো বললেন উপস্থাপক ও সম্প্রীতি সম্মেলনের মেম্বার সেক্রেটারি আনজাম মাসুদ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে টেলিভিশন সংশ্লিষ্ট ১৫টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেল বডি এফটিপিও’র উদ্যোগে এই সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এতে আহ্বায়কের ভূমিকায় রয়েছেন নাট্যব্যক্তিত্ব ইরেশ যাকের। এছাড়া দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি সংগীতাঙ্গনের অনেকেই এতে আরো অংশ নেবেন। এ নিয়ে আনজাম আরো বলেন, ‘গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক ফেডারেশন, অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপক নির্মাতাসহ সংগীতাঙ্গনের অনেককেই নিমন্ত্রণ জানানো হয়েছে। যাদের আসা সম্ভব হবে তারা আমাদের এই সম্প্রীতি সম্মেলনে অংশ নেবেন।’ এছাড়া এ ধরনের উদ্যোগ নিয়ে আনজাম মাসুদ আরো বলেন, ‘দেখুন, দেশে আর আগের মতো সাংস্কৃতিক চর্চা হচ্ছে না। করোনার কারণে যা হতো তাও আরো কমে গেছে। আগে কিন্তু শুধু রাজধানী না, সারাদেশেরই নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান ছিল। সে সময় আমাদের এ ধরনের উগ্রবাদী কার্যকলাপও কিন্তু কম হতো। আমার মনে হয় আমাদের সাংস্কৃতিক চর্চা আরো বাড়াতে হবে। সাংস্কৃতিক চর্চাই যে, মানুষকে আরো সচেতন করতে ভূমিকা রাখতে পারে, এটা বলার অবকাশ রাখে না। পাশাপাশি এ ধরনের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।’
